এক.
তরবারির জোরেই যদি মানুষ ইসলাম গ্রহণ করত, তাহলে সেই গ্রহণ কি কখনো মানুষের অন্তর্জগতে স্থায়ী ছাপ ফেলতে পারত? ভয় মানুষকে সাময়িকভাবে নত করতে পারে, কিন্তু তার হৃদয়কে রূপান্তরিত করতে পারে না। অন্তরের গভীরে যে পরিবর্তন সত্যিকার অর্থে ঘটে, তা কেবল নৈতিক শক্তি, সত্যের প্রভাব এবং জীবন্ত আদর্শের সংস্পর্শেই সম্ভব। ইসলামের প্রথম যুগের মানুষের জীবনযাপন, স্বভাব-চরিত্র, ন্যায়বোধ ও আত্মশুদ্ধির যে উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসে সংরক্ষিত আছে, তা স্পষ্ট করে যে ইসলাম কেবল বাহ্যিক আনুগত্য সৃষ্টি করেনি; বরং মানুষের মনন, চরিত্র ও জীবনবোধকে আমূল বদলে দিয়েছিল।
এর একটি গভীর তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত পাওয়া যায় হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর জীবনে। তাঁর একটি বর্ম হারিয়ে গেলে পরে তা এক ইহুদির কাছে পাওয়া যায়। হযরত আলী রাদিআল্লাহু আনহু বললেন, “এটা আমার বর্ম।” উত্তরে সেই ব্যক্তি নির্ভয়ে বলল, “তাহলে আপনার দাবির পক্ষে সাক্ষী উপস্থিত করুন।”
এই সংক্ষিপ্ত সংলাপের ভেতরেই একটি বৃহৎ সভ্যতার নৈতিক কাঠামো প্রতিফলিত হয়। কারণ এখানে আমরা কেবল একটি হারানো জিনিসের দাবি-দাওয়া দেখছি না; আমরা দেখছি এমন এক সমাজব্যবস্থা, যেখানে শাসকও আইনের ঊর্ধ্বে নন, এবং অমুসলিম নাগরিকও নিজের অবস্থান থেকে ন্যায্য কথা বলার অধিকার রাখে।
এই ঘটনাকে কেবল ব্যক্তিগত বিনয় বা নৈতিক সৌন্দর্যের উদাহরণ বলে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। এটি মূলত ইসলামি সমাজ-দর্শনের একটি বাস্তব প্রতিরূপ। হযরত আলী রাদিআল্লাহু আনহু নিজেকে ইসলামি শিক্ষার এমন এক জীবন্ত প্রতীকে রূপ দিয়েছিলেন, যার ফলে তাঁর অধীন বসবাসকারী এক অমুসলিম নাগরিকও তাঁর সামনে নির্ভয়ে প্রমাণ দাবি করতে পারে। এটিই প্রকৃত সামাজিক নিরাপত্তা, এটিই ন্যায়ভিত্তিক স্বাধীনতার লক্ষণ।
বাক-স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন তা ক্ষমতার সামনে দাঁড়িয়েও সত্য উচ্চারণের সাহস জোগায়। ইসলামি ন্যায়ব্যবস্থার শক্তি ছিল এখানেই তা আনুগত্য দাবি করার আগে ন্যায় প্রতিষ্ঠা করেছে, আর ভয় সঞ্চার করার আগে আস্থা সৃষ্টি করেছে।
এখানে একটি মৌলিক সত্য বিশেষভাবে স্মরণীয়: যে সমাজে শাসককে প্রশ্ন করা যায়, সে সমাজ ভয়ভিত্তিক নয়; ন্যায়ভিত্তিক। আর ইসলামি সভ্যতার প্রারম্ভিক রূপটি ছিল মূলত এই ন্যায়বোধের ওপর প্রতিষ্ঠিত। আজকের ভাষায় যাকে আমরা ‘নাগরিক মর্যাদা’, ‘আইনের শাসন’ বা ‘নৈতিক রাষ্ট্রচেতনা’ বলি, তার বহু মৌলিক উপাদান ইসলামের প্রথম যুগেই জীবন্ত হয়ে উঠেছিল।
এই প্রেক্ষাপটে ‘স্বাধীনতা’ বা ‘আজাদী’ ধারণাটিও নতুনভাবে অনুধাবন করা দরকার। আজ অনেক সময় স্বাধীনতাকে এমনভাবে ব্যাখ্যা করা হয়, যেন তা সব ধরনের নৈতিক সীমা, দায়বদ্ধতা ও বিধিবোধ থেকে মুক্ত হয়ে যাওয়ার নাম। কিন্তু ইসলামি দৃষ্টিতে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়; বরং ন্যায়ের নিশ্চয়তা। প্রকৃত স্বাধীনতা হলো কোনো হকদারের মুখ বন্ধ না করা, কাউকে জুলুমের শিকার না হতে দেওয়া এবং ক্ষমতাকে মানুষের অধিকার হরণ করার যন্ত্রে পরিণত না করা। স্বাধীনতা তখনই সত্য, যখন দুর্বলও নিজের কথা বলার সুযোগ পায়; যখন ন্যায়বিচার ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার আনুগত্যে বন্দি হয়ে পড়ে না।
প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনেও আমরা এই নৈতিক স্বাধীনতার এক অনুপম দৃষ্টান্ত দেখি। এক ইহুদির কাছে তাঁর কিছু পাওনা ছিল। একদিন সেই ব্যক্তি মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কিছু কঠোর ও বেপরোয়া ভঙ্গিতে কথা বলে বসে। উপস্থিত সাহাবীগণ স্বভাবতই বিরক্ত হয়ে তাকে ধমক দিতে উদ্যত হলেন। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের থামিয়ে দিয়ে বললেন: “পাওনাদারের কথা বলার অধিকার আছে।”
এই একটি বাক্যের মধ্যেই ন্যায়, অধিকার ও মানবিক মর্যাদার এক পূর্ণাঙ্গ নীতি নিহিত রয়েছে।
কাজেই প্রকৃত স্বাধীনতার একটি মৌলিক লক্ষণ হলো ক্ষমতার আসনে অধিষ্ঠিত থেকেও জনগণকে এমন বাক-স্বাধীনতা দেওয়া, যাতে তারা নির্ভয়ে সত্য উচ্চারণ করতে পারে এবং ন্যায্য দাবি উত্থাপন করতে পারে। ইসলামি রাষ্ট্রচিন্তার আলোকে স্বাধীনতা মানে শাসকের ইচ্ছার অবাধ প্রাধান্য নয়; বরং এমন একটি ন্যায়ভিত্তিক পরিবেশ, যেখানে অধীনস্থ মানুষও আইনের আশ্রয়ে নিজের কথা বলতে পারে। হযরত আলী রাদিআল্লাহু আনহু তাঁর জীবন ও কর্মের মাধ্যমে এই স্বাধীনতারই এক বাস্তব ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর শাসনপরিসরে একজন ইহুদি পর্যন্ত এই সাহস পেয়েছিল যে, তিনি সরাসরি বলতে পারেন: “সাক্ষী উপস্থিত করুন, অন্যথায় আদালতে প্রমাণ দিন।”
এই ঘটনা কেবল একটি সাহসী উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা গড়িয়েছে আদালতের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায়। হযরত আলী রাদিআল্লাহু আনহু নিজেই বিষয়টি বিচারিক নিষ্পত্তির জন্য আদালতে উত্থাপন করেন। বিচারকের আসনে ছিলেন হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু, যিনি হযরত উমর রাদিআল্লাহু আনহু-এর খিলাফতকাল থেকেই বিচারকার্যে সুপরিচিত ছিলেন। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আদালতে বাদী ও বিবাদী হিসেবে উপস্থিত হয়েছেন একদিকে মুসলিম জাহানের খলিফা, অন্যদিকে একজন সংখ্যালঘু ইহুদি নাগরিক; অথচ বিচারিক পরিবেশে কারও জন্য আলাদা কোনো মর্যাদাগত সুবিধা তৈরি হয়নি। এ দৃশ্য ইসলামি সভ্যতার ন্যায়বোধকে শুধু উজ্জ্বলই করে না; বরং তা আধুনিক রাষ্ট্রচিন্তার বহু দাবিকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।
হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু শরিয়তের নীতিমালা অনুযায়ী জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমিরুল মুমিনিন স্বয়ং আদালতে উপস্থিত এই বাস্তবতা তাঁকে বিচলিত বা সন্ত্রস্ত করেনি। বরং তিনি প্রশান্ত ও নীতিনিষ্ঠ ভঙ্গিতে প্রথমে ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বিতর্কিত বর্মটি হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর কি না। সে তা অস্বীকার করল। এরপর বিচারক সরাসরি হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর দিকে ফিরে বললেন: “আপনি সাক্ষী উপস্থিত করুন।” এখানেই ইসলামি ন্যায়বিচারের একটি বিরল সৌন্দর্য উন্মোচিত হয়। কারণ এখানে একজন বিচারক ক্ষমতার প্রভাবমুক্ত থেকে সত্য ও প্রমাণের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া পরিচালনা করছেন; এবং একজন রাষ্ট্রপ্রধানও বিনা আপত্তিতে সেই আইনি প্রক্রিয়ার অধীন হচ্ছেন।
এই দৃশ্য কেবল প্রশাসনিক শৃঙ্খলার নয়, বরং একটি উচ্চতর সভ্যতার দলিল। কারণ সভ্যতার প্রকৃত মানদণ্ড কেবল স্থাপত্য, সামরিক শক্তি বা রাজনৈতিক বিস্তারে নির্ধারিত হয় না; বরং নির্ধারিত হয় এই প্রশ্নে ক্ষমতার সামনে সত্য কতখানি নিরাপদ? ইসলাম এই নিরাপত্তা নিশ্চিত করেছিল তার ন্যায়বোধ, আইনি শৃঙ্খলা এবং নৈতিক আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। ইতিহাসে যারা সভ্যতার দাবি করেছে, তাদের বড় অংশই আসলে এই নৈতিক পাঠ ইসলাম থেকেই গ্রহণ করেছে; কিন্তু সেই পাঠকে তার পূর্ণ আমলগত রূপে রূপান্তর করতে পারেনি।
যাহোক, হযরত আলী রাদিআল্লাহু আনহু তাঁর দাবির সমর্থনে দু’জন সাক্ষী পেশ করলেন। একজন ছিলেন তাঁর পুত্র হযরত হাসান রাদিআল্লাহু আনহু, অন্যজন তাঁর মুক্তদাস কামবার। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ ফিকহি মতভেদ সামনে এলো। হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু-এর মতে, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়; পক্ষান্তরে হযরত আলী রাদিআল্লাহু আনহু এই সাক্ষ্যকে গ্রহণযোগ্য মনে করতেন। অর্থাৎ এখানে আমরা কেবল একটি মামলার বিচারই দেখছি না; বরং আইনের ব্যাখ্যা, দলিলের মূল্যায়ন এবং ইজতিহাদি মতভেদের এক স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ চর্চা প্রত্যক্ষ করছি।
এই জায়গাটিই আজকের মুসলিম সমাজের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। কারণ মতভেদ ইসলামি জ্ঞানপরম্পরার কোনো দুর্ঘটনা নয়; বরং তা তার স্বাভাবিক ও সৃজনশীল অংশ। ফিকহি, ব্যাখ্যাগত ও বিচারিক মতপার্থক্য ইসলামের ইতিহাসে নতুন কিছু নয়। বরং প্রথম যুগ থেকেই তা বিদ্যমান ছিল এবং সে মতভেদকে জ্ঞান, যুক্তি, নীতি ও পারস্পরিক সম্মানের আলোকে ধারণ করা হতো। আজ আমরা সামান্য মতানৈক্য দেখলেই যেভাবে আলিমদের বিরুদ্ধে বিষোদ্গার, কুৎসা, তুচ্ছতাচ্ছিল্য কিংবা বিভাজনমূলক ভাষা ব্যবহার করতে দেখি, তা সেই মহান জ্ঞানসংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।
ইসলামের প্রাথমিক সমাজে মতভেদ ছিল, কিন্তু মতভেদের নামে ব্যক্তিহত্যা ছিল না; যুক্তির বিরোধ ছিল, কিন্তু চরিত্রহনন ছিল না; ব্যাখ্যার পার্থক্য ছিল, কিন্তু পরস্পরকে কাফির, পথভ্রষ্ট বা শত্রু সাব্যস্ত করার রোগ ছিল না। এই সভ্যতাগত পরিপক্বতাই ছিল তাঁদের শক্তি। তাঁরা জানতেন সত্যের অনুসন্ধান একটি যৌথ নৈতিক প্রয়াস; তা ব্যক্তিগত অহং, গোষ্ঠীগত আধিপত্য বা নিম্নরুচির জনতুষ্টির খেলা নয়।
দুঃখজনকভাবে আজ বহু ক্ষেত্রে সেই উচ্চতর জ্ঞানসংস্কৃতির জায়গা দখল করেছে কোন্দল, অবিবেচনা ও হীন স্বার্থ। চিন্তাশীল ও নীতিবান মানুষের পারস্পরিক সংলাপের জায়গায় প্রভাবশালী হয়ে উঠেছে অপরিণত, আবেগতাড়িত এবং প্রায়শই অপর্যাপ্ত জ্ঞানসম্পন্ন লোকদের উচ্চকণ্ঠ। তারা কোনো ঘটনার গভীরতা, প্রেক্ষাপট বা নীতিগত ভিত্তি যাচাই না করেই তা নিয়ে চূড়ান্ত রায় দিয়ে বসে। ফলে সত্যের অনুসন্ধান আর হয় না; বরং শোনা-কথার ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত, অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এটি কেবল একটি সামাজিক অবক্ষয় নয়; বরং জ্ঞান, ন্যায় ও সভ্যতার পরাজয়।
যাহোক, হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর মতে পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য ছিল। কিন্তু হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু এই মতের সঙ্গে একমত ছিলেন না। তিনি তাঁর নিজস্ব ইজতিহাদ ও বিচারিক উপলব্ধির ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করেন। ফলে হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর পক্ষ থেকে পেশ করা হযরত হাসান রাদিআল্লাহু আনহু এর সাক্ষ্য তিনি গ্রহণ করলেন না। তবে অন্য সাক্ষী কামবার সম্পর্কে তিনি বলেন, যেহেতু তিনি আযাদকৃত মানুষ, সেহেতু তাঁর সাক্ষ্য বিবেচনার যোগ্য হতে পারে; কিন্তু এককভাবে তা মামলার পক্ষে যথেষ্ট নয়। অতএব তিনি হযরত আলী রাদিআল্লাহু আনহু কে বললেন, “হযরত হাসান রাদিআল্লাহু আনহু-এর স্থলে অন্য কোনো সাক্ষী থাকলে পেশ করুন।”
হযরত আলী (রা) জবাব দিলেন, “আমার কাছে আর কোনো সাক্ষী নেই।”
এরপর বিচারপতি হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু মামলাটি খারিজ করে দিলেন।
এখানেই এই ঘটনার প্রকৃত মাহাত্ম্য উন্মোচিত হয়। কারণ ইতিহাসে আমরা খুব কমই এমন দৃষ্টান্ত পাই, যেখানে রাষ্ট্রপ্রধান নিজেই আদালতে বাদী হিসেবে দাঁড়ান, বিচারক তাঁর বিরুদ্ধে আইনি সীমারেখা টেনে দেন এবং সে রায় তিনি বিনা বিরোধে মেনে নেন। আজকের বহু ক্ষমতাকেন্দ্রিক সমাজে এ ধরনের পরিস্থিতি প্রায় অকল্পনীয়। অধিকাংশ শাসকই হয়তো এটিকে ব্যক্তিগত অবমাননা, মর্যাদাহানি বা প্রশাসনিক অবাধ্যতা হিসেবে বিবেচনা করতেন। কিন্তু হযরত আলী রাদিআল্লাহু আনহু ও হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু-এর সম্পর্ক ক্ষমতা ও আনুগত্যের ছিল না; তা ছিল দীনের নীতি ও ন্যায়ের বিধানের প্রতি অভিন্ন আনুগত্যের সম্পর্ক।
এইখানেই ইসলামি সভ্যতার নৈতিক উচ্চতা প্রতিভাত হয়। হযরত শুরাইহ রাদিআল্লাহু আনহু যদি ব্যক্তিগত অনুভূতি, শ্রদ্ধা বা রাজনৈতিক চাপের ভিত্তিতে রায় দিতেন, তবে হয়তো তিনি সহজেই হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর পক্ষে অবস্থান নিতে পারতেন। কারণ ব্যক্তি হিসেবে হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর সত্যবাদিতা, আমানতদারি ও নৈতিক মহত্ত্ব নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। বরং যদি তাঁকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হতো, তবে তিনি হয়তো দৃঢ়তার সঙ্গেই বলতেন হযরত আলী রাদিআল্লাহু আনহু মিথ্যা বলার মানুষ নন। কিন্তু বিচারব্যবস্থা ব্যক্তিগত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে চলে না; তা চলে প্রমাণ, নীতি ও আইনি কাঠামোর ভিত্তিতে। আর ইসলামি বিচারবোধের শ্রেষ্ঠত্ব এখানেই যে, তা ব্যক্তি-মহিমাকে সম্মান করেও আইনকে তার অধীনস্থ করে না।
অন্যদিকে হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর প্রতিক্রিয়াও কম তাৎপর্যপূর্ণ নয়। তিনি বিচারকের সঙ্গে বিতণ্ডায় জড়াননি, তাঁর মর্যাদা স্মরণ করিয়ে দেননি কিংবা প্রশাসনিক ক্ষমতার ইঙ্গিতও করেননি। বরং তিনি বুঝিয়েছেন শাসক হিসেবে তাঁর সবচেয়ে বড় শক্তি হলো আইনকে নিজের পক্ষে ব্যবহার না করা। এটি নিছক ব্যক্তিগত বিনয় নয়; এটি রাষ্ট্রনৈতিক পরিপক্বতা, নৈতিক সংযম এবং সত্যিকার সভ্যতার লক্ষণ।
আদালতের এই দৃশ্যের শেষ পরিণতি আরও বেশি মর্মস্পর্শী। বিচার শেষে বাইরে এসে প্রতিপক্ষ ইহুদি ব্যক্তি লক্ষ করল হযরত আলী রাদিআল্লাহু আনহু শারীরিক শক্তিতে বলীয়ান, রাজনৈতিক মর্যাদায় শাসক, সামাজিক মর্যাদায় সর্বোচ্চ; তবুও তাঁর চেহারায় ক্ষোভ নেই, আচরণে প্রতিশোধস্পৃহা নেই, রায়ে অসন্তোষের কোনো ছাপ নেই। তিনি পরাজিত দাবিদারের মতো নন, বরং ন্যায়ের সামনে বিনম্র এক মুমিনের মতো আদালত ত্যাগ করছেন। এই দৃশ্য ইহুদি ব্যক্তিটির ভেতরে এক গভীর আলোড়ন সৃষ্টি করল।
সে উপলব্ধি করল এ ধরনের নৈতিক স্থিরতা, ক্ষমতার সংযম এবং সত্যের প্রতি এমন অবিচল আত্মসমর্পণ কোনো সাধারণ মানবিক প্রশিক্ষণের ফল নয়; এটি এক সত্য ধর্মেরই প্রভাব। সে বুঝল, যে বিশ্বাস একজন শাসককে নিজের বিপক্ষে যাওয়া রায়ও প্রশান্তচিত্তে মেনে নিতে শেখায়, যে বিশ্বাস একজন বিচারককে ক্ষমতার ভয় ছাড়াই সত্যের পক্ষে দাঁড়াতে সক্ষম করে এবং যে বিশ্বাস একটি সমাজে অমুসলিম নাগরিককেও ন্যায্য কথা বলার সাহস দেয় সে বিশ্বাস নিছক রাজনৈতিক ব্যবস্থা নয়; এটি এক জীবন্ত নৈতিক সত্য।
ফলে সে আর দেরি করল না। সে ঘোষণা করল:
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله
অর্থাৎ, “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; এবং আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।”
তার ইসলাম গ্রহণের নেপথ্যে ছিল না কোনো ভয়, কোনো সামরিক পরাজয়, কোনো সামাজিক চাপ কিংবা ব্যক্তিগত লাভের হিসাব। বরং তাকে ইসলামমুখী করেছিল ন্যায়বিচারের প্রত্যক্ষ অভিজ্ঞতা, নৈতিক সৌন্দর্যের অভিঘাত এবং ক্ষমতার সামনে সত্যের নিরাপত্তা। সে ইসলামের আহ্বান শুনেছিল হয়তো আগেই; কিন্তু ইসলামের সত্যতা অনুভব করল এই ঘটনার মধ্য দিয়ে।
হযরত আলী রাদিআল্লাহু আনহু তখন যে মহত্ত্ব প্রদর্শন করলেন, তা এই কাহিনিকে আরও উচ্চতর নৈতিকতায় উন্নীত করে। তিনি বললেন, “এই বর্ম আমি তোমাকেই দিয়ে দিলাম।”
অর্থাৎ যে জিনিস নিয়ে বিরোধ, সেটিও তিনি প্রতিপক্ষকে উপহারস্বরূপ ছেড়ে দিলেন। এখানে জয়-পরাজয়ের প্রশ্ন মুছে গিয়ে উদ্ভাসিত হলো চরিত্রের মহিমা। ইসলামের শক্তি মূলত এখানেই—তা প্রতিপক্ষকে পরাস্ত করে না, বরং তাকে মুগ্ধ করে; তা মানুষকে ভীত করে না, বরং সত্যের প্রতি আকৃষ্ট করে।
পরবর্তী জীবনে সেই ব্যক্তি হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর সাহচর্যে থাকতে শুরু করেন এবং শেষ পর্যন্ত এক যুদ্ধে শাহাদাত বরণ করেন এ কথাটি ঐতিহাসিক বর্ণনার অংশ হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এর চেয়েও বড় সত্য হলো, তাঁর ইসলাম গ্রহণের পেছনে কোনো উন্মুক্ত তরবারি কার্যকর ছিল না; বরং ছিল কোষবদ্ধ তরবারির চেয়েও শক্তিশালী এক নৈতিক প্রভাব।
এই ঘটনার সারকথা তাই এক বাক্যে বলা যায়:
ইসলাম মানুষকে তরবারির জোরে নয়, ন্যায়ের সৌন্দর্যে আকৃষ্ট করেছে।
এখন প্রশ্ন করা যেতে পারে সে ব্যক্তি কি হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর মাথার ওপর ঝুলন্ত তলোয়ার দেখে মুসলমান হয়েছিল, না তাঁর কোমরে আবদ্ধ, নিয়ন্ত্রিত, ন্যায়শাসিত তলোয়ার দেখে?
ইতিহাসের সৎ উত্তর নিঃসন্দেহে দ্বিতীয়টিকেই সমর্থন করে। কারণ মানুষের শরীরকে শক্তি দিয়ে দমন করা যায়, কিন্তু হৃদয়কে জয় করা যায় কেবল সত্য, ন্যায় ও মহত্ত্ব দিয়ে।
ইসলাম যদি কেবল তরবারির জোরে বিস্তার লাভ করত, তবে তার প্রভাবে এমন মানুষ গড়ে উঠত না, যারা নিজেদের বিপক্ষে যাওয়া রায়ও ন্যায় বলে মেনে নিতে পারে; এমন বিচারকও তৈরি হতো না, যারা রাষ্ট্রপ্রধানের মুখোমুখি হয়েও প্রমাণ ছাড়া রায় দেয় না; আর এমন প্রতিপক্ষও ইসলাম গ্রহণ করত না, যারা ভয় নয়, নৈতিক বিস্ময়ে সত্যকে গ্রহণ করে। ইসলামের প্রকৃত বিজয় ভূখণ্ডে নয়, মানুষের বিবেকে; রাষ্ট্রে নয়, হৃদয়ে; প্রভুত্বে নয়, ন্যায়ের দীপ্তিতে।
দুই.
ইসলামকে ঘিরে ইউরোপীয় মনস্তত্ত্বের একটি দীর্ঘস্থায়ী অভিযোগ হলো—এই ধর্মের বিস্তার নাকি মূলত তরবারির শক্তির ওপর নির্ভরশীল ছিল। এই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রায়শই মুসলিম শাসকদের যুদ্ধ, সামরিক অভিযান এবং রক্তক্ষয়ী সংঘর্ষগুলোকেই প্রমাণ হিসেবে সামনে আনে। কিন্তু এই পদ্ধতিগত পাঠ নিজেই একটি বুদ্ধিবৃত্তিক সমস্যায় আক্রান্ত। কারণ কোনো সভ্যতার ইতিহাসকে কেবল তার যুদ্ধের ঘটনাপুঞ্জ দিয়ে বিচার করা যেমন একপেশে, তেমনি ধর্মীয় বিস্তারের নৈতিক চরিত্রকে রাষ্ট্রীয় সংঘর্ষের সঙ্গে অবিমিশ্রভাবে এক করে দেখা আরও বড় ভ্রান্তি।
প্রথমত, যুদ্ধকে সামগ্রিকভাবে ‘সভ্যতাবিরোধী’ বলে চিহ্নিত করা নিজেই একটি অসংগত অবস্থান। ইতিহাসের প্রতিটি যুগেই রাষ্ট্র, সমাজ ও জনগোষ্ঠী কখনো আত্মরক্ষা, কখনো আগ্রাসন-প্রতিরোধ, কখনো চুক্তি রক্ষা, কখনো অস্তিত্বসংকট মোকাবিলার প্রয়োজনে যুদ্ধের আশ্রয় নিয়েছে। আধুনিক ইউরোপ, যে নিজেকে সভ্যতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করতে ভালোবাসে, তার নিজের ইতিহাসও যুদ্ধ, উপনিবেশ, সামরিক দখল, গণহত্যা এবং ভূরাজনৈতিক আধিপত্যের অন্ধকার অধ্যায়ে পরিপূর্ণ। ফলত যুদ্ধের অস্তিত্ব দিয়ে কোনো সভ্যতাকে অসভ্য প্রমাণ করা যায় না; বরং বিচার্য বিষয় হলো সে যুদ্ধের নৈতিক ভিত্তি কী ছিল, তার উদ্দেশ্য কী ছিল এবং তার ভেতরে কী ধরনের নীতি ও সীমারেখা কার্যকর ছিল।
এই দৃষ্টিকোণ থেকেই খুলাফায়ে রাশিদীনের যুগকে মূল্যায়ন করা জরুরি। তাঁদের যুদ্ধকে যদি রাজনৈতিক ক্ষমতালিপ্সা, লুণ্ঠন বা অনিয়ন্ত্রিত সামরিক আগ্রাসনের আলোকে ব্যাখ্যা করা হয়, তবে তা হবে ইতিহাসের প্রতি সুস্পষ্ট অবিচার। যুক্তিসংগত আস্থার সঙ্গে বলা যায়, তাঁরা অকারণে যুদ্ধের পথে হাঁটেননি; বরং কেবল সংগত কারণ, বাস্তব প্রয়োজন এবং ন্যায়ের প্রশ্নেই যুদ্ধকে শেষ অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন। আরও বড় কথা হলো, ইসলাম যুদ্ধকে কোনো উন্মুক্ত প্রতিশোধস্পৃহা বা শক্তিপ্রদর্শনের ক্ষেত্র হিসেবে অনুমোদন দেয়নি; বরং তাকে নীতি, শর্ত, সংযম এবং নৈতিক নিয়ন্ত্রণের কঠোর কাঠামোর মধ্যে আবদ্ধ করেছে।
ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে যদি বিরুদ্ধবাদীরা নিরপেক্ষভাবে অবগত হতো, তবে তারা এত সহজে এই দাবি করতে পারত না যে ইসলাম তলোয়ারের জোরে প্রচারিত হয়েছে। কারণ ইসলাম যুদ্ধক্ষেত্রেও এমন কিছু নীতি নির্ধারণ করেছে, যা ইতিহাসে নৈতিক সংযমের এক বিরল উদাহরণ। এর মধ্যে একটি নীতিই এ বিষয়ে যথেষ্ট তাৎপর্য বহন করে।
ইসলামি শরিয়তের এক সুস্পষ্ট বিধান হলো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের কেউ যদি এমনকি দীর্ঘদিনের রক্তপাত, ব্যক্তিগত শোক, পারিবারিক ক্ষতি এবং তীব্র প্রতিশোধ-প্রবণতার প্রেক্ষাপটেও মুখে “লা-ইলাহা ইল্লাল্লাহ” উচ্চারণ করে, তবে তাকে অবিলম্বে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। সে যদি তোমার পিতা, পুত্র, ভাই বা আপনজনকে হত্যা করেও থাকে, তবুও তার এই ঘোষণার পর তার প্রাণ নেওয়া বৈধ নয়। এমনকি যদি তোমার দৃঢ় ধারণাও হয় যে, সে কেবল প্রাণভয়ে এই কথা বলছে, হৃদয়ে আদৌ বিশ্বাস আনেনি—তবুও সেই মুহূর্তে তোমার তরবারি থেমে যেতে বাধ্য। এমনকি যদি প্রবল আশঙ্কা থাকে যে পরে সে পুনরায় শত্রুতা করবে, তবুও তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করা যাবে না।
এই বিধান কেবল একটি আইনি শর্ত নয়; এটি ইসলামের নৈতিক আত্মসংযমের এক উচ্চতম নিদর্শন। যুদ্ধের উত্তপ্ততম মুহূর্তে, প্রতিশোধের সর্বোচ্চ মানসিক চাপের মধ্যেও, ইসলাম মানুষের হাতে সীমাহীন সহিংসতার অধিকার তুলে দেয়নি। বরং শত্রুর প্রাণরক্ষার জন্যও এমন একটি নৈতিক অবকাশ সৃষ্টি করেছে, যা প্রতিশোধের মনস্তত্ত্বকে অতিক্রম করে। প্রশ্ন হলো যে ধর্ম যুদ্ধক্ষেত্রেও শত্রুর মুখের একটি বাক্যকে জীবনরক্ষার ভিত্তি বানিয়ে দেয়, তাকে কীভাবে কেবল ‘তরবারির ধর্ম’ বলা যায়?
এখানে ইসলামের আরেকটি গভীর নৈতিক মাত্রা উন্মোচিত হয়: ইসলাম মানুষের অন্তরের চূড়ান্ত সত্যকে তাৎক্ষণিকভাবে বিচার করার দায়িত্ব মানুষকে দেয় না। কেউ মুখে ঈমানের ঘোষণা দিলে, তার অন্তর আল্লাহর হাতে ন্যস্ত এই নীতিই কার্যকর হয়। অর্থাৎ ইসলাম বাহ্যিক শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু অন্তর্জগতের বিচারক হয়ে ওঠে না। এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আধিপত্যের নয়; বরং নৈতিক সংযম ও মানবিক দায়িত্ববোধের পরিচায়ক।
এই নীতির বাস্তব প্রয়োগ আমরা হযরত উমর রাদিআল্লাহু আনহু-এর জীবনেও দেখি। হরমুযান নামে এক ব্যক্তি মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করেছিল। অবশেষে বন্দী অবস্থায় তাকে হযরত উমর রাদিআল্লাহু আনহু-এর সামনে আনা হলো। তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হলে সে তা প্রত্যাখ্যান করে। ফলে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে কৌশলে একটি অনুরোধ করল “আমাকে একটু পানি দিন।”
হযরত উমর রাদিআল্লাহু আনহু-এর নির্দেশে পানি আনা হলো।
এরপর হরমুযান বলল, “আমার ভয় হচ্ছে, আমি পানি পান করার আগেই আমাকে হত্যা করা হবে।”
হযরত উমর (রা) বললেন, “না, পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না।”
এই কথাটি শোনামাত্র হরমুযান পানিটুকু মাটিতে ঢেলে দিল এবং বলল, “তাহলে এখন তো আমাকে হত্যা করা যাবে না। কারণ পানি আমি আর পান করতে পারব না; আপনি আমাকে সে পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন।”
এখানে একজন ক্ষমতাবান শাসকের সামনে একটি সূক্ষ্ম কৌশল প্রয়োগ করা হয়েছে। সাধারণ কোনো রাজশক্তি হয়তো একে ধোঁকা বলে উড়িয়ে দিত অথবা ‘ইচ্ছার ব্যাখ্যা’ বদলে দিয়ে প্রতিশ্রুতিকে অকার্যকর করে তুলত। কিন্তু হযরত উমর রাদিআল্লাহু আনহু তা করেননি। তিনি তাঁর উচ্চারিত বাক্যের নৈতিক দায় মেনে নিলেন এবং হরমুযানকে মুক্ত করে দিলেন।
এই ঘটনাটি ইসলামি ন্যায়বোধের একটি অনন্য উদাহরণ। কারণ এখানে শাসকের শক্তি নয়, তাঁর নৈতিক দায়বদ্ধতাই শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছে। শত্রুর সঙ্গে আচরণেও তিনি নিজের বাক্যকে আইনি ও নৈতিক অঙ্গীকার হিসেবে গণ্য করেছেন। হরমুযান এই দৃশ্য প্রত্যক্ষ করে উপলব্ধি করল এ কেবল রাজনৈতিক শক্তির প্রদর্শন নয়; এটি এমন এক সত্যধর্মের প্রভাব, যা শত্রুর প্রতিও নীতিভিত্তিক আচরণ করতে শেখায়। এই উপলব্ধির ফলেই সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে।
তার ইসলাম গ্রহণের কারণ ছিল না সামরিক পরাজয়, নয় কোনো জবরদস্তি, নয় কোনো সামাজিক চাপ; বরং ছিল ন্যায়নিষ্ঠ আচরণের প্রত্যক্ষ অভিঘাত। অর্থাৎ মানুষকে ইসলামমুখী করেছে তরবারির ভয় নয়, বরং তরবারিকে নিয়ন্ত্রণকারী নৈতিকতা।
এই ঘটনাগুলো উল্লেখ করার মূল উদ্দেশ্য হলো ইসলামের শিক্ষা ও তার বাস্তব প্রয়োগের মধ্যে যে গভীর সামঞ্জস্য ছিল, তা সামনে আনা। খুলাফায়ে রাশিদীন ইসলামি নীতিকে শুধু মুখে উচ্চারণ করেননি; তাঁরা তা এমনভাবে কার্যকর করেছেন, যার তুলনা ইতিহাসে দুর্লভ। পরবর্তী যুগের বহু শাসক যদি এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকেন, তবে তার দায় ইসলাম বা তার মূল শিক্ষার নয়। অন্যায়-অত্যাচার করে থাকলে তার দায় তাঁদের নিজেদের। কোনো সভ্যতার আদর্শকে বিচার করতে হলে তার বিচ্যুত অনুকরণকারীদের দিয়ে নয়, বরং তার শ্রেষ্ঠ নৈতিক প্রতিভূদের দিয়ে বিচার করতে হয়। আর ইসলামের ক্ষেত্রে সেই শ্রেষ্ঠ প্রতিভূরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদীন।
ফলে তাঁরা এমন এক নৈতিক উচ্চতায় পৌঁছেছিলেন, যার প্রভাব কেবল মুসলমানদের ভেতরেই সীমাবদ্ধ ছিল না; বরং বহিরাগত পর্যবেক্ষকদের মনেও গভীর অভিঘাত সৃষ্টি করেছিল। ইতিহাসে এমন বহু ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেখানে বিরুদ্ধপক্ষের লোকেরা, এমনকি অনুসন্ধান বা গোয়েন্দাগিরির উদ্দেশ্যে মুসলিম সমাজে প্রবেশ করেও, সাহাবীগণের চরিত্র, শৃঙ্খলা, ন্যায়বোধ ও আধ্যাত্মিক গাম্ভীর্য প্রত্যক্ষ করে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। অর্থাৎ ইসলামকে বিস্তার দিয়েছে কেবল তার বাণী নয়; তার জীবন্ত মানুষরাও।
এইখানেই ইসলামের প্রকৃত শক্তি নিহিত তা কেবল তলোয়ার ধারণ করতে শেখায়নি, বরং তলোয়ার কখন খাপে রাখতে হয়, সেটিও শিখিয়েছে।
ফলত ইসলামকে ‘তলোয়ারের ধর্ম’ বলে অভিহিত করা ইতিহাসের এক সরলীকৃত এবং পক্ষপাতদুষ্ট পাঠ ছাড়া আর কিছু নয়। কারণ ইসলাম যুদ্ধকে অবাধ শক্তিপ্রয়োগে পরিণত করেনি; বরং নৈতিক নিয়ন্ত্রণ, প্রমাণভিত্তিক ন্যায়, শত্রুর প্রতিও দায়িত্ববোধ এবং আত্মসংযমের বিধানে তাকে আবদ্ধ করেছে। আর যে ধর্ম যুদ্ধক্ষেত্রেও প্রতিশোধের বদলে নীতিকে, ক্রোধের বদলে সংযমকে এবং শক্তির বদলে ন্যায়কে অগ্রাধিকার দেয় তার বিস্তারকে কেবল তরবারির ভাষায় ব্যাখ্যা করা ইতিহাসের প্রতি অবিচার।
তিন.
ইসলাম সম্পর্কে বহুলপ্রচারিত সবচেয়ে পুরনো অপবাদগুলোর একটি হলো এ ধর্ম নাকি তরবারির জোরে প্রচারিত হয়েছে। বহুদিন ধরে এই অভিযোগ এমনভাবে পুনরাবৃত্ত হয়েছে যে, অনেকের কাছে তা যেন এক অপ্রশ্নিত ‘ঐতিহাসিক সত্যে’ পরিণত হয়েছে। অথচ সামান্য যুক্তিবোধ, নিরপেক্ষ ইতিহাসপাঠ এবং ইসলামের প্রাথমিক বিকাশের দিকে সতর্ক দৃষ্টি নিলেই বোঝা যায় এই অভিযোগ মূলত একটি গভীর ভুলপাঠ, অনেক ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতও।
সোজা কথায় বলা যায়: যদি মুসলমানরা সত্যিই কেবল অস্ত্রের বলেই মানুষকে ইসলামে দীক্ষিত করে থাকত, তবে ভারতবর্ষে ছয় শতাব্দীরও বেশি সময় মুসলিম শাসন প্রতিষ্ঠিত থাকার পর আজ সেখানে অমুসলিম জনগোষ্ঠীর এত ব্যাপক উপস্থিতি থাকত না। এ এক সাধারণ ঐতিহাসিক যুক্তি, কিন্তু তার ভেতরে রয়েছে এক গভীর সত্য। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে মানুষকে দমন করা যায়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে তার আত্মপরিচয়, সংস্কৃতি ও বিশ্বাসকে সম্পূর্ণ মুছে ফেলা যায় না যদি না উদ্দেশ্যই হয় জোরপূর্বক ধর্মান্তর। অথচ ভারতীয় উপমহাদেশের ইতিহাস সে ধরনের কোনো সর্বব্যাপী ধর্মীয় উচ্ছেদের সাক্ষ্য দেয় না। বরং এটি বহুধর্মীয় সহাবস্থান, দ্বন্দ্ব, বিনিময় ও সাংস্কৃতিক পারস্পরিকতার দীর্ঘ ইতিহাস বহন করে।
এই প্রশ্নের জবাবে দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ কাসেম নানুতবী রহ. অত্যন্ত তীক্ষ্ণ একটি যুক্তি উপস্থাপন করেছিলেন। তাঁর কথার সারমর্ম হলো: যদি ইসলাম তরবারির জোরেই প্রচারিত হয়ে থাকে, তবে প্রথম সেই অস্ত্রধারী এল কোথা থেকে? কারণ তলোয়ার নিজে নিজে তো চলে না; তা চালায় মানুষ। তাহলে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, তারা কার তরবারির ভয়ে মুসলমান হয়েছিল? ইতিহাসের সূচনায় তো কোনো মুসলিম সামরিক শক্তি ছিল না। অর্থাৎ প্রথমদিকে ইসলাম গ্রহণকারীদের ঈমান গ্রহণের পেছনে অবশ্যই অন্য কোনো শক্তি কাজ করেছে আর সেটি ছিল সত্যের আকর্ষণ, নৈতিক প্রভাব এবং আধ্যাত্মিক অভিঘাত।
ইতিহাস এই যুক্তিকে আরও স্পষ্ট করে। যুদ্ধ শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মদিনায় হিজরতের পর। কিন্তু মদিনার বহু মানুষ তো তাঁর সেখানে আগমনের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে তাঁদের মুসলমান করল কোন তলোয়ার? আবার মক্কার প্রাথমিক সময়ের মুসলমানদের দিকে তাকালেও একই সত্য উন্মোচিত হয়। ইসলামের প্রথম যুগে যারা ঈমান গ্রহণ করেছিলেন, তারা ছিল রাজনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে অবরুদ্ধ এবং প্রায়শই নির্যাতিত। তারা শাসক ছিল না; তারা ছিল শাসিত। তারা অত্যাচারী ছিল না; বরং ছিল অত্যাচারিত, তারা নির্মম অত্যাচার-নিপীড়ন সহ্য করেছে। তাহলে প্রশ্ন জাগে মক্কার প্রথমদিকের সেই মুসলমানরা কোন তরবারির ভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন? বরং ঐতিহাসিক সত্য হলো, তাঁরা ইসলাম গ্রহণ করেছিলেন এমন এক সত্যের আহ্বানে সাড়া দিয়ে, যার জন্য তাঁরা নির্যাতন, নির্বাসন, বয়কট, দারিদ্র্য এবং মৃত্যুঝুঁকিও মেনে নিয়েছিলেন।
আবিসিনিয়ায় হিজরতের ঘটনাও এখানে বিশেষ তাৎপর্য বহন করে। মক্কার কাফিরদের নির্যাতন থেকে বাঁচতে সাহাবায়ে কেরামের একটি দল আবিসিনিয়ায় আশ্রয় নেন। সেখানে কুরাইশদের প্রতিনিধিরা গিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আবিসিনিয়ার ন্যায়পরায়ণ শাসক নাজ্জাশীর দরবারে তখন হযরত জাফর ইবন আবু তালিব রাদিআল্লাহু আনহু ইসলামের বাণী এবং কুরআনের কিছু অংশ তিলাওয়াত করেন। ঐশী বাণীর সেই অনুরণন নাজ্জাশীর অন্তরকে এমনভাবে স্পর্শ করে যে, তিনি অশ্রুসজল হয়ে পড়েন। পরিণতিতে তিনি ইসলামের সত্যতাকে স্বীকার করেন। প্রশ্ন হলো তাঁর মাথার ওপর কোন তরবারি ঝুলছিল? কে তাঁকে বলপূর্বক ঈমান গ্রহণে বাধ্য করেছিল? বাস্তবতা হলো, না কোনো বাহুবল, না কোনো রাজনৈতিক চাপ তাঁকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল; বরং কুরআনের নৈতিক ও আধ্যাত্মিক সত্যের দিশা পেয়ে তিনি ইসলাম গ্রহণের জোর তাগিদ অনুভব করেন।
এই ধরনের উদাহরণ ইসলামের ইতিহাসে বিচ্ছিন্ন নয়; বরং বিপুলভাবে উপস্থিত। আরবের প্রাথমিক সমাজ, বিশেষত যুদ্ধপ্রবণ গোত্রসমূহের সামাজিক মনস্তত্ত্বও এ বিষয়ে গুরুত্বপূর্ণ। তাদের কাছে যুদ্ধ, রক্তপাত, প্রতিশোধ, বীরত্ব এবং মৃত্যুঝুঁকি ছিল প্রায় নিত্যবাস্তবতা। তারা ভীরু ছিল না, আর কোনো মতবাদের কাছে নতি স্বীকার করে নিজস্ব গোত্রধর্ম ত্যাগ করা তাদের সামাজিক মানদণ্ডে ছিল অত্যন্ত কঠিন এবং প্রায়শই অপমানজনক। এমন এক যোদ্ধা-সমাজকে কেবল ভয় দেখিয়ে বা অস্ত্র ঠেকিয়ে দীর্ঘস্থায়ীভাবে নতুন বিশ্বাসে দীক্ষিত করা—এ ধারণা সমাজতাত্ত্বিক দিক থেকেও দুর্বল। ইসলাম তাদের বশীভূত করেনি; বরং রূপান্তরিত করেছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যম্ভাবী: যদি ইসলাম তরবারির জোরে প্রচারিত না হয়ে থাকে, তাহলে জিহাদ ফরজ করা হলো কেন?
এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমেই একটি মৌলিক পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন: ইসলামের হেফাজত আর ইসলামের প্রচার এই দুটি বিষয় এক নয়। ইসলামে জিহাদের বিধান মূলত ধর্মপ্রচারকে জোরপূর্বক প্রতিষ্ঠা করার জন্য নয়; বরং মুসলিম সমাজ, তাদের জীবন, নিরাপত্তা, ধর্মাচার এবং অস্তিত্বকে রক্ষার জন্য। এই পার্থক্যটি অনুধাবন করতে না পারার ফলেই অনেক ভুল ধারণা তৈরি হয়েছে।
জিহাদকে বোঝার জন্য একটি কার্যকর উপমা ব্যবহার করা যেতে পারে অস্ত্রোপচারের উপমা। যেমন রোগ দুই ধরনের হতে পারে: এক ধরনের রোগ সাধারণ চিকিৎসা, বিশ্রাম বা মলমেই সেরে যায়; আরেক ধরনের রোগ এতটাই জটিল বা সংক্রামক হয় যে, তখন অস্ত্রোপচার অনিবার্য হয়ে ওঠে। ইসলামের দৃষ্টিতে শত্রুতাও অনেকটা তেমন। কিছু শত্রু আছে, যাদের সঙ্গে সন্ধি, চুক্তি, সহাবস্থান বা সীমারেখা নির্ধারণের মাধ্যমে শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব। কিন্তু কিছু শত্রু এমনও হয়, যারা চুক্তি মানে না, অব্যাহতভাবে আক্রমণ করে, নিপীড়ন চালায় এবং সহাবস্থানের কোনো ন্যূনতম শর্তও মেনে নেয় না। তখন আত্মরক্ষা, নিরাপত্তা এবং ন্যায়বিচারের স্বার্থে বলপ্রয়োগ অনিবার্য হয়ে পড়ে। ইসলামের পরিভাষায় এই নৈতিকভাবে নিয়ন্ত্রিত, প্রতিরক্ষামূলক এবং শর্তসাপেক্ষ বলপ্রয়োগেরই নাম জিহাদ।
কাজেই জিহাদের উদ্দেশ্য মানুষকে মুসলমান বানানো নয়; বরং মুসলমানদের বাঁচিয়ে রাখা, তাদের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জুলুম-নির্যাতনের মুখে আত্মসমর্পণ না করা। অর্থাৎ জিহাদকে যদি কেউ ‘ধর্মান্তরকরণের সামরিক কৌশল’ মনে করে, তবে সে ইসলামি ধারণার মূল প্রকৃতিই ধরতে পারেনি।
এই আলোচনার প্রেক্ষাপটে বাদশা আওরঙ্গজেব আলমগীরকে ঘিরে প্রচলিত অভিযোগগুলোর কথাও প্রায়ই সামনে আসে। অনেকেই অভিযোগ করেন, তিনি নাকি বলপূর্বক হিন্দুদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন। এই অভিযোগকে ইতিহাসের বিশ্লেষণাত্মক মানদণ্ডে বিচার না করে কেবল জনপ্রিয় রাজনৈতিক বয়ান হিসেবে গ্রহণ করলে বিভ্রান্তি বাড়ে। কারণ একজন শাসকের নীতির মূল্যায়ন করতে হলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, ফিকহি আনুগত্য, ব্যক্তিজীবনের ধার্মিকতা, রাজনৈতিক বাস্তবতা এবং সমসাময়িক উৎসসমূহ—সবই বিবেচনায় নিতে হয়। যে শাসক শরিয়তের বিধানকে গুরুত্ব দিতেন এবং যার সামনে “দীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই” কুরআনের এই নীতি সুস্পষ্টভাবে বিদ্যমান ছিল, তাঁর ব্যাপারে সরলীকৃত অভিযোগ উচ্চারণের আগে ইতিহাসকে আরও সংযতভাবে পড়া প্রয়োজন।
তবে অতীতের বিতর্কে না গিয়েও একটি অধিক তাৎপর্যপূর্ণ সমকালীন প্রশ্ন উত্থাপন করা যায়: আজও যখন বহু মানুষ ইসলাম গ্রহণ করছে, তখন তাদের ওপর কোন তরবারি কাজ করছে? কোথায় সেই সামরিক চাপ, কোথায় সেই রাজনৈতিক দাপট, কোথায় সেই রাষ্ট্রীয় জবরদস্তি? বিশেষত এমন বহু ভূখণ্ডে, যেখানে মুসলমানরা সংখ্যায় কম, ক্ষমতায় দুর্বল, অর্থনৈতিকভাবে অপ্রভাবশালী সেখানেও মানুষ ইসলাম গ্রহণ করছে। কেন করছে?
এই প্রশ্নের উত্তর ইতিহাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি বর্তমানের জীবন্ত বাস্তবতা। আজ কেউ ইসলাম গ্রহণ করলে মুসলমানদের পক্ষ থেকে তাকে সাধারণত কোনো বৈষয়িক প্রলোভন দেওয়া হয় না। বরং বহু ক্ষেত্রে উল্টো দেখা যায় নতুন মুসলমানকে পরদিন থেকেই দ্বীনি কাজ, নৈতিক দায়িত্ব, সামাজিক চাপ এবং জীবনসংগ্রামের বাস্তবতার মুখোমুখি হতে হয়। অনেক সময় তার পুরোনো সামাজিক সম্পর্ক ভেঙে যায়, পারিবারিক প্রতিক্রিয়া আসে, অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। তবু মানুষ ইসলাম গ্রহণ করে। কেন? কারণ ইসলামকে তারা ক্ষমতার ভাষা হিসেবে নয়, অর্থপূর্ণ সত্যের ভাষা হিসেবে অনুভব করে।
ইসলাম গ্রহণের পর বহু মানুষের ভেতরে যে গভীর আত্মিক পরিবর্তন ঘটে, তা কেবল মতবদলের ঘটনা নয়; বরং তা এক নতুন সত্তাবোধের জন্ম। কেউ কেউ এমন অনুভব করে যেন বহুদিনের হারানো কোনো সত্যকে ফিরে পেয়েছে। তারা আল্লাহকে নতুনভাবে চিনতে শেখে, সৃষ্টিকে নতুনভাবে বুঝতে শেখে এবং নিজের অস্তিত্বের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তোলে। এ এক অন্তরাত্মার অভিজ্ঞতা, যার ব্যাখ্যা তরবারি, ক্ষমতা, ভয় বা বাহ্যিক প্রভাব দিয়ে করা যায় না।
অতএব ইসলাম বিস্তারের প্রকৃত শক্তি ছিল না সামরিক প্রাধান্য; বরং ছিল তার ন্যায়নীতি, তার আধ্যাত্মিক গভীরতা, তার নৈতিক স্বচ্ছতা এবং তার গড়ে তোলা মানুষের চরিত্র। ইসলাম মানুষকে ভীত করে দলে টানেনি; বরং সত্য, ন্যায়, অর্থবোধ ও আত্মমর্যাদার এক বৃহত্তর জগতে আহ্বান করেছে।
যদি ইসলাম সত্যিই কেবল শক্তির জোরে প্রচারিত হতো, তবে তার প্রথম অনুসারীরা নির্যাতনের মাঝখানে ঈমান গ্রহণ করত না; আবিসিনিয়ার নাজাশী কুরআনের পাঠ শুনে কাঁদতেন না; মদিনার মানুষ নবীজির আগমনের আগেই ইসলাম গ্রহণ করত না; আর আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষ সবরকম সামাজিক ও ব্যক্তিগত ঝুঁকি জেনেও ইসলামকে বেছে নিত না। কাজেই তরবারির জোরে ইসলামের বিস্তার ঘটেনি বরং তার সত্য, তার ন্যায়, তার মানুষ এবং তার আলোকিত জীবনদর্শনের জোরেই ইসলাম বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে।
মূল হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
অনুবাদ – আবদুল্লাহ মুহাম্মদ হাসান



